চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুলিশের নাম ভাঙিয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদাবাজি করার গুরুতর অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে উপজেলার ছিন্নমূল ও আলীনগর এলাকার একটি সিএনজি স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন সাগর ওরফে কালু এবং হৃদয়। সাগর জঙ্গল ছিন্নমূল এলাকার আনোয়ার মিয়ার ছেলে এবং হৃদয় একই এলাকার চুনু মিয়া ওরফে মিলনের ছেলে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুবেল আফরাদ জানান, থানা পুলিশের নামে অবৈধভাবে চাঁদা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগে এই দুইজনকে আটক করে পরবর্তীতে সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, আটককৃত দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের দণ্ডবিধির ১৫১ ধারায় সন্ধিগ্ধ আসামি হিসেবে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।