সম্পত্তি হস্তান্তরের নতুন আইন বাতিল না হলে দেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মামুনুল হকের

বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত নতুন আইন অবিলম্বে বাতিল না করলে সর্বব্যাপী আন্দোলন গড়ে তোলার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার দুপুর দুইটায় বরিশাল টাউন হলে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট ভাষায় জানান যে, কোরআন ও সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো ধরনের আইন এ দেশের জনগণ কখনো মেনে নেবে না।

সমাবেশে বিগত দিনের রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি অতীতে বারবার অঙ্গীকার করলেও গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে বর্তমান সরকারের আইনমন্ত্রী প্রপার্টি ট্রান্সফার-টুু টু সিক্স নামের একটি নতুন আইন তৈরি করেছেন। এ দেশের আলেম সমাজ ইতিমধ্যে আইনটির বিভিন্ন বিধানকে কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

ইসলামবিরোধী যেকোনো ষড়যন্ত্রের তীব্র পরিণতি ভোগ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মুসলমানদের কাছে আল্লাহর কোরআন ও নবীর সুন্নাহ সর্বোচ্চ সম্মানের বিষয়। কোরআন-সুন্নাহর বিধান অকার্যকর করে ইসলামকে নির্বাসনে পাঠানোর দুরভিসন্ধি থেকে সরে না দাঁড়ানো হলে দেশজুড়ে এমন তীব্র আগুন জ্বলবে, যাতে সংশ্লিষ্টরা সবাই ছারখার হয়ে যাবেন।

তিনি আরও ঘোষণা করেন যে, আল্লাহর কোরআন ও সুন্নাহর সম্মান রক্ষার্থে এই আন্দোলন কোনো নির্দিষ্ট দলীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি হবে একটি সর্বদলীয়, নির্দলীয়, দেশপ্রেমিক মুসলমান ও কোরআন-সুন্নাহপ্রেমী জনতার সম্মিলিত গণআন্দোলন।

রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, শুধু সামান্য কিছু সংশোধন করার জন্য জুলাই বিপ্লব সংঘটিত হয়নি, বরং বিপ্লব হয়েছে রাষ্ট্রকে পুনর্গঠন ও রাজনীতিকে নতুন করে মেরামত করার জন্য। সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম পুনর্বহাল, আল্লাহর ওপর অবিচল আস্থা স্থাপন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জুলাই সনদ যথাযথভাবে সংবিধানে যুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, তবেই রাষ্ট্রে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

০%
০%
০%
০%