নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরের পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় হাওরের পানিতে ডুবে ওবায়েদুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জাহেরপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ওবায়েদুল্লাহ জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই দুই শিশু জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে তারা বিদ্যালয়টির পাশের হাওরের পানিতে পড়ে যায়। তবে কখন বা কীভাবে তারা পানিতে তলিয়ে গেছে, তা আশপাশের কেউ টের পাননি।

কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন হাওরের পানিতে নেমে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করেন।

খবর পেয়ে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুর মিয়া দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশু দুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

০%
০%
০%
০%