বিদ্যুৎ উৎপাদনে পরনির্ভরশীলতা এড়াতে সৌরবিদ্যুতের ওপর জোর দিচ্ছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোরের লালপুর উপজেলায় এক মতবিনিময় সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল জানিয়েছেন যে, সরকার এমন একটি বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে যেখানে অন্য কোনো দেশের ওপর আর নির্ভরশীল থাকতে হবে না। রোববার রাতে উপজেলার মাধবপুর শ্রী শ্রী কালীমাতা মন্দির কমিটির আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তারা বিদ্যুৎ দিলে বিদ্যুৎ পাওয়া যাবে আর তারা না দিলে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে—এমন পরিস্থিতি সরকার চায় না। দেশের বিদ্যুৎ ও গ্যাসের দীর্ঘদিনের সমস্যার কথা উল্লেখ করে তিনি জানান, হুট করে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও সরকার পর্যায়ক্রমে সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী চার-পাঁচ বছরের মধ্যে দেশে বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না বলে আশ্বস্ত করে তিনি বলেন, এর মানে এই নয় যে লোডশেডিং কমাতে চার-পাঁচ বছর অপেক্ষা করতে হবে, বরং পর্যায়ক্রমে লোডশেডিং কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া হবে।

বিদ্যুৎ উৎপাদনে নতুন উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাড়ি বাড়ি সোলার প্রজেক্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে মানুষ নিজের প্রয়োজনের বিদ্যুৎ নিজে ব্যবহার করার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করতে পারবেন।

সভায় পারিবারিক ও সামাজিক মূল্যবোধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাবা-মা শুধু দিতে জানেন আর সন্তানরা নিতে জানে। ভালোবাসা সাধারণত উপর থেকে নিচের দিকে আসে এবং এটি প্রকৃতির নিয়ম। এছাড়া দেশের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৭-১৮ বছরে দেশের মানুষের মধ্যে শুধু না পাওয়ার বিষয়টিই তৈরি হয়েছে এবং এখন মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, ধর্মীয় বরাদ্দের ক্ষেত্রে একটি মসজিদে বরাদ্দ দেওয়া হলে একটি মন্দিরেও বরাদ্দ দেওয়া হয়।

০%
০%
০%
০%