পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের বড়াল নদী থেকে সাকিবুল (১৩) নামের এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত সাকিবুল উপজেলার রতনপুর মধ্যপাড়া গ্রামের হারিছ প্রামাণিকের ছেলে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অটোভ্যান গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই কিশোরকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের অটোভ্যান গাড়ি নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল সাকিবুল। এরপর থেকে পরিবারের লোকজনের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। একপর্যায়ে স্থানীয় লোকজন গ্রামের উত্তরে বড়াল নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে মরদেহটি সাকিবুলের বলে শনাক্ত করেন। তবে ঘটনার পর থেকে নিহত কিশোরের অটোভ্যান গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে এই নির্মম ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার।