কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে হত্যায় তিন সন্দেহভাজন আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতীমকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে তুহিনকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অপ্রতীমের সঙ্গে তুহিনকে দেখা যায় এবং ফুটেজ অনুযায়ী তারা সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেছিল। এরপর সন্ধ্যা সাতটার দিকে আনাসকে আটক করা হয় এবং তার প্রায় ত্রিশ মিনিট পর সাড়ে সাতটার দিকে ফাহিমকেও আটক করে পুলিশ।

সন্দেহভাজন তুহিন, আনাস ও ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম।

এর আগে শুক্রবার বিকেল তিনটার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। তার নিখোঁজের খবর পেয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার।

০%
০%
০%
০%