উজিরপুরে সন্ধ্যা নদীতে অভিযান চার লাখ টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর এলাকায় সন্ধ্যা নদীতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে চার লাখ ৯ হাজার টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।

রোববার সকাল ১১টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে আটত্রিশটি চায়না দুয়ারী জাল, পাঁচ হাজার মিটার কারেন্ট জাল এবং চব্বিশটি বোডা জাল জব্দ করা হয়। পরে অভিযান শেষে জব্দ করা সমস্ত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উজিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক মো. ফাহাদ, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, অফিস সহকারী শৈলেন ঘরামী, অফিস সহায়ক মো. রাজীব হোসেন এবং জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মোর্সেদ মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি নিশ্চিত করা এবং জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অবৈধ জালের ব্যবহার অব্যাহত থাকলে দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে যেকোনো ধরনের অবৈধ জাল দিয়ে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

০%
০%
০%
০%