গোবিন্দগঞ্জে শ্বশুরবাড়ি থেকে ষোল লাখ টাকার স্বর্ণ চুরির ঘটনায় গৃহবধূর বাবা-মা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ি থেকে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির অভিযোগে দায়ের করা মামলায় পলাতক গৃহবধূর বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত তিনটার দিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনী যোগীবাড়ি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ৬ মার্চ গোবিন্দগঞ্জ পৌর শহরের বুজরুক বোয়ালিয়া গ্রামের মৃত সূধা রঞ্জন সরকারের ছেলে অরিত্র সরকারের সঙ্গে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনী যোগীবাড়ি গ্রামের কুঠিশ্বর রাজবংশীর মেয়ে ইতি রানী রাজবংশীর বিয়ে হয়। ধর্মীয় রীতিতে বিবাহ সম্পন্ন হওয়ার পর থেকেই এই দম্পতির সংসারে নানা ঝামেলা ও মনোমালিন্য চলে আসছিল। এই কলহ নিরসনের অজুহাতে গত ২৮ জুলাই ইতি রানীর বাবা-মা গোবিন্দগঞ্জে মেয়ের শ্বশুরবাড়িতে আসেন। পরবর্তীতে গত ৩০ জুলাই বিকালের দিকে স্বামী বাসায় না থাকার সুযোগে পূর্বপরিকল্পনা অনুযায়ী বাবা-মাকে সঙ্গে নিয়ে ঘরে থাকা প্রায় ১৬ লাখ টাকা দামের বিভিন্ন স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যান ইতি রানী।

ঘটনার পর পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলে অভিযুক্তরা টালবাহানা ও সময়ক্ষেপণ করতে থাকেন। এরপর গত ৩ আগস্ট নোটারি পাবলিকের মাধ্যমে স্বামীকে একতরফাভাবে তালাকের কাগজ ডাকযোগে পাঠিয়ে দেন ওই গৃহবধূ। কোনো সুরাহা না পেয়ে গত শনিবার অরিত্র সরকারের মা শ্রীমতি গৌরী রানী বাদী হয়ে ইতি রানী, তার বাবা কুঠিশ্বর রাজবংশী এবং মা ডলি রানী রাজবংশীকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত রবিবার রাত তিনটায় ইতির বাবা কুঠিশ্বর রাজবংশী ও মা ডলি রানী রাজবংশীকে গ্রেপ্তার করে। তবে মামলার প্রধান অভিযুক্ত গৃহবধূ ইতি রানী এখনো পলাতক রয়েছেন। এ ঘটনায় দ্রুত পলাতক আসামিকে গ্রেপ্তারসহ খোয়া যাওয়া স্বর্ণালংকার উদ্ধার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

০%
০%
০%
০%