রায়গঞ্জে মসজিদের ভেতর আসবাবপত্র রেখে সংসদ সদস্যের বৈঠক ঘিরে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি জামে মসজিদের ভেতরে সোফা, চেয়ার ও টেবিল বসিয়ে সভা করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে উপজেলার কোদলা কওমি মাদরাসা জামে মসজিদে এই ঘটনা ঘটে। মসজিদটির ভেতর এমন আয়োজনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

আলোচিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. আইনুল হক। এছাড়া সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন। তবে ঘটনার পর স্থানীয় নেতাকর্মীদের দাবি এটি কোনো রাজনৈতিক সভা ছিল না। মসজিদ ও মাদ্রাসার পরিচালনা ব্যয় বাবদ বকেয়া অর্থ পরিশোধ এবং এর সার্বিক উন্নয়নে আর্থিক সহযোগিতা পাওয়ার আশায় মসজিদ ও মাদরাসা কর্তৃপক্ষই তাদের সেখানে আমন্ত্রণ জানিয়েছিল।

ঘটনার বিষয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম গণমাধ্যমকে জানান, মসজিদ ও মাদরাসা কর্তৃপক্ষের আমন্ত্রণে তারা সেখানে উপস্থিত হয়েছিলেন এবং ভেতরে প্রবেশ করে সোফা পাতা দেখতে পান। যেহেতু এটি কোনো রাজনৈতিক বা দলীয় কর্মসূচি ছিল না, তাই তারা তাৎক্ষণিকভাবে সেখানে কোনো আপত্তি তোলেননি। ওই বৈঠকে মূলত মসজিদ ও মাদরাসার উন্নয়ন এবং বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে পবিত্র ইবাদতখানার ভেতর আসবাবপত্র বসিয়ে সংসদ সদস্যের এই সভা আয়োজনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিরূপ মন্তব্য ও আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এই বিষয়ে সংসদ সদস্য মো. আইনুল হকের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

০%
০%
০%
০%