সাইবার মামলায় ছয় চীনা নাগরিক তিন দিনের রিমান্ডে

কক্সবাজারে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার ছয় চীনা নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াস উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাদের প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ওসমান বলেন, তদন্তে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে এসেছে। জব্দ করা ডিভাইসের তথ্য বিশ্লেষণ এবং আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকায় পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে বের হওয়া প্রয়োজন। গ্রেপ্তার ব্যক্তিরা বৈধ উদ্দেশ্যে বাংলাদেশে এসে থাকলে সেটিও তদন্তে বিবেচনায় নেওয়া উচিত। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর কক্সবাজার শহরের হোটেল সি-প্যালেস থেকে ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ১,৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও যোগাযোগের সরঞ্জাম জব্দ করা হয়। পরে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগে রামু থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

পুলিশ বলেছে, চীনা ও তাইওয়ানি নাগরিকদের কয়েকশ সদস্যের একটি দল কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন কয়েকটি হোটেলে অবস্থান নিয়ে অনলাইনভিত্তিক প্রতারণার সঙ্গে জড়িত ছিল—এমন তথ্য পাওয়া গেছে। তবে এই অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

০%
০%
০%
০%