দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত এ কর্মসূচি চলমান রয়েছে।
সোমবার সকালে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ব্লু ইউনিটে মিড-লেভেল চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকরা হামলার শিকার হন। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের সাহায্যে এগিয়ে আসা মেডিকেল শিক্ষার্থী ও অন্যান্য চিকিৎসকদের ওপর পুলিশের উপস্থিতিতেই পুনরায় হামলা চালান রোগীর স্বজনরা। এই আকস্মিক হামলায় ৫ থেকে ৬ জন ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন।
চিকিৎসকদের ওপর এমন হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ ছয় দফা দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে দ্রুততম সময়ে দোষীদের গ্রেপ্তার এবং দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা, স্বাস্থ্য সুরক্ষা আইন যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা, রোগীপ্রতি একজনের বেশি স্বজন প্রবেশে নিষেধাজ্ঞা ও ভিজিটর কার্ড চালু করা। এ ছাড়া হাসপাতালে ইউনিটভিত্তিক সর্বক্ষণ পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষিত আর্মড আনসার ও পুলিশ সদস্য মোতায়েন, পুলিশ বক্স স্থাপন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে ইমার্জেন্সি সাইরেন ও সর্বক্ষণ সিসিটিভি ক্যামেরা নিশ্চিতকরণ এবং নবম পে-স্কেল অনুপাতে বেতন কাঠামো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে হাসপাতাল পরিচালকের পক্ষ থেকে মন্ত্রণালয়ে অবহিত করার দাবি জানানো হয়েছে।
এই কর্মবিরতির ফলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনরা চরম বিপাকে পড়েছেন। এদিকে মঙ্গলবারের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ ঘটনায় দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী চিকিৎসকরা।