সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে জলঢাকায় কৃষকের দুর্দশা নিয়ে এনসিপির কৃষক শুনানি অনুষ্ঠিত

নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নে জাতীয় কৃষক শক্তির আয়োজনে এক কৃষক শুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল পাঁচটায় স্থানীয় মনছারের ঘাটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় কৃষক শক্তির আহ্বায়ক সাঈদ উজ্জ্বলের সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম মোর্তোজা সেলিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলের মিডিয়া উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, জাতীয় যুবশক্তির সভাপতি তরিকুল ইসলাম এবং যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও জলঢাকার সন্তান আবু সাঈদ লিয়ন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আখতার হোসেন বলেন, কেবল সংবিধান সংশোধন কমিটির বৈঠক বা মিটিং ডেকে বর্তমান সংকটের কোনো সুরাহা হবে না, বরং এটি আরও দীর্ঘায়িত হবে। তিনি গণভোটের রায় বাস্তবায়নের জন্য দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান। এ ছাড়া কৃষক শুনানিতে কৃষকদের চরম ভোগান্তি, সার সংকট এবং কৃষি খাতের নানা অনিয়ম ও দুর্নীতির তীব্র প্রতিবাদ জানানো হয়।

কৃষক শুনানিতে আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল ইসলাম সানা, সদস্য সচিব কামরুল ইসলাম, যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান নয়ন, জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম ফয়সালসহ জেলা এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির স্থানীয় নেতৃবৃন্দ।

০%
০%
০%
০%