রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়েছে বাহিনীটি। সম্প্রতি এ সংক্রান্ত প্রকাশিত একটি প্রতিবেদনে আনসার সদস্যদের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ও তাদের জড়িত থাকার বিষয়টি উল্লেখ করা হলেও, তা সঠিক নয় এবং প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করা হয়েছে।
রোববার রাত আনুমানিক ১১ টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরবর্তীতে মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাত্রিকালীন পোশাক আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী ভুলবশত তাদের আনসার সদস্য হিসেবে উল্লেখ করে স্লোগান দিয়েছিলেন।
পরবর্তীতে শিক্ষার্থীরা নিজেরাই বিষয়টি বুঝতে পারেন যে, সংশ্লিষ্ট ব্যক্তিরা আনসার সদস্য নন, বরং তারা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য। একই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশের তথ্য অনুযায়ী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফলে এই পুরো ঘটনাটির সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্পৃক্ততার কোনো সুযোগ নেই।
প্রকৃত তথ্য যাচাই না করে এ ঘটনায় আনসার সদস্যদের জড়িত হিসেবে উপস্থাপন করা অত্যন্ত বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাহিনীটি। তাদের মতে, এ ধরনের অসত্য তথ্য পরিবেশনে একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল বাহিনীর ভাবমূর্তি অযাচিতভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সকলের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করার এবং প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।