জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সকালে কালাই থানাধীন টাকাহুত গ্রামের মধুবন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে একটি সিএনজি তল্লাশি করে তিন হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছোতরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হেলাল উদ্দিন (৩০), বগুড়া পৌরসভার রহমান নগর এলাকার মৃত আসলামের মেয়ে শারমিন (২৬) এবং জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা দিঘীরপাড় এলাকার মৃত চুড়কু কর্মকারের ছেলে বাবু কর্মকার (৪৫)।
জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালাই উপজেলার টাকাহুত মধুবন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।