লুৎফুজ্জামান বাবরের অর্থায়নে নেত্রকোনা-৪ আসনের ৪৭ বিএনপি নেতাকর্মী ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের ৪৭ জন নেতাকর্মী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও এই আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের বিশেষ উদ্যোগ এবং নিজস্ব অর্থায়নে তারা এই পবিত্র যাত্রার সুযোগ লাভ করেছেন।

মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৭ সদস্যের এই ওমরাহ কাফেলা সৌদি আরবের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা মো. হায়দার আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদ সদস্য মহোদয়ের নিজস্ব অর্থায়নে তার নির্বাচনি এলাকার মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, মদন উপজেলার ১৭ জন, খালিয়াজুরী উপজেলার ১১ জন এবং ব্যক্তিগত সহকারীসহ মোট ৪৭ জন ওমরাহ পালনের এই সুব্যবস্থা পেয়েছেন। তবে এই কাফেলার সঙ্গে সংসদ সদস্য নিজে যাচ্ছেন না। নির্বাচনি এলাকার নেতৃবৃন্দ যাতে ধর্মীয় অনুশাসনে নিজেদের পরিচালিত করেন, সেই মহৎ ভাবনা থেকেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।

যাত্রীদের তালিকায় মোহনগঞ্জ উপজেলা থেকে ১৮ জন, মদন উপজেলা থেকে ১৭ জন এবং খালিয়াজুরী উপজেলা থেকে ১১ জন নেতাকর্মী অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও এই প্রতিনিধিদলে কাফেলার সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

এই উদ্যোগের বিষয়ে খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, এতজন নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠানোর উদ্যোগ নিয়ে তিনি তার মহৎ মানসিকতার পরিচয় দিয়েছেন। এমন অভিভাবক ও নেতা পেয়ে তারা নিজেদের অত্যন্ত ভাগ্যবান মনে করছেন।

একই অনুভূতি প্রকাশ করে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন জানান, তাদের নেতা লুৎফুজ্জামান বাবর তাদের পবিত্র ওমরাহ পালনের এই অসামান্য সুযোগ করে দিয়েছেন। এজন্য মোহনগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং মহান আল্লাহর দরবারে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

০%
০%
০%
০%