ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বিশ্ব অ্যাথলেটিক্স রোড রানিং চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন কেনিয়ার অ্যাথলেট অ্যাগনেস এনগেটিচ। রবিবার হাফ ম্যারাথনের ট্র্যাকে ঝড় তুলে তিনি নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। নারীদের একক ইভেন্টে ১ ঘণ্টা ৫ মিনিট ১৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জয় করেছেন এই অ্যাথলেট, যা পূর্বের রেকর্ড থেকে ১ সেকেন্ড কম।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন ২৫ বছর বয়সী এনগেটিচ। রৌদ্রোজ্জ্বল সকালে দৌড় শুরুর পর থেকেই তিনি নিজের আধিপত্য বজায় রাখেন এবং শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রেখে চ্যাম্পিয়ন হন। তার স্বদেশী ভেরোনিকা লোলেও ১ ঘণ্টা ৬ মিনিট ৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। বিজয়ী এনগেটিচের চেয়ে তিনি ৫০ সেকেন্ড পিছিয়ে ছিলেন।
এর আগে ২০২০ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব হাফ ম্যারাথন চ্যাম্পিয়নশিপে কেনিয়ারই পেরেস জেপচিরচির ১ ঘণ্টা ৫ মিনিট ১৬ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছালেন এনগেটিচ। উল্লেখ্য, মিশ্র লিঙ্গ ইভেন্টে হাফ ম্যারাথনের বিশ্ব রেকর্ডটি ইথিওপিয়ার লেতেসেনবেত গিডির দখলে, যিনি ২০২১ সালে স্পেনের ভ্যালেন্সিয়া হাফ ম্যারাথনে ১ ঘণ্টা ২ মিনিট ৫২ সেকেন্ড সময় নিয়েছিলেন।
চলতি বছরটি এনগেটিচের জন্য অত্যন্ত সাফল্যের। গত বছর ১০ কিলোমিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়ার পর, জানুয়ারিতে ফ্লোরিডায় ওয়ার্ল্ড ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপেও শিরোপা জিতেছিলেন তিনি। কোপেনহেগেনে ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি দলীয় হাফ ম্যারাথনের শিরোপাও নিজের করে নিয়েছেন এই অ্যাথলেট।