ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সংসদ সদস্যদের আবাসিক ভবন ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও ঘটনাস্থলসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রোববার দুপুরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে খাবার খান। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে সবাই নিজ নিজ আলাদা কক্ষে চলে যান। বিকেল ৫টার পর মরিয়মকে ডাকতে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান গাজী নজরুল। পরে জানালা দিয়ে কক্ষের ভেতরে তাকিয়ে মরিয়মকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেন। এরপর বন্ধ দরজা ভেঙে মরদেহ নিচে নামানো হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পেয়ে তিনিসহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান এবং ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরদেহ ঝুলতে দেখেন। মরিয়ম কখন গলায় ফাঁস দিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এছাড়া ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলাম মরিয়ম খাতুনকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছিলেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনেও তাদের বিবাহ সংক্রান্ত নানা তথ্য সামনে এসেছিল। পুলিশ জানিয়েছে, নিহতের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

০%
০%
০%
০%