শেষ পর্যায়ে জাতীয় বেতন স্কেল ২০২৬ এর গেজেট প্রকাশের প্রস্তুতি

জাতীয় বেতন স্কেল-২০২৬-এর গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত খসড়াটি বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। আইনগত পরীক্ষা-নিরীক্ষা বা ভেটিং শেষ হলেই বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে মূল গেজেট এবং সংশ্লিষ্ট এসআরও জারি করা হবে বলে জানা গেছে।

নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের জন্য পৃথক ৫ থেকে ৭টি এসআরও জারির প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে বেসামরিক সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, সশস্ত্র বাহিনী, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের জন্য আলাদা বাস্তবায়ন আদেশ থাকবে। একই সঙ্গে নতুন কাঠামো কার্যকরের লক্ষ্যে সরকারি বেতন-ভাতা ব্যবস্থাপনার সফটওয়্যারটিতে প্রয়োজনীয় পরিবর্তনের কাজও বর্তমানে চলমান রয়েছে।

নতুন বেতন স্কেলে বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ১৪২ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ করে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। এর ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতনের অনুপাত দাঁড়াবে ১:১.৭৮। চলতি বছরের ১ জুলাই থেকে এটি কার্যকর ধরা হলেও সরকারি ব্যয়ের চাপ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মূল বেতন তিন ধাপে বাস্তবায়ন করা হবে।

নতুন এই কাঠামোর আওতায় বেশ কিছু নতুন সুযোগ-সুবিধা যুক্ত করা হচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা প্রতিবন্ধী সন্তান ভাতা এবং সব গ্রেডের কর্মচারীর জন্য মোবাইল ভাতার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি পেনশনভোগীদের নিট পেনশনের ওপর ভিত্তি করে ধাপে ধাপে সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে এক গ্রেড এক পেনশন ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি রয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে প্রায় ২৪ লাখ কর্মরত সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং সোয়া ৯ লাখ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এতে সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। গেজেট প্রকাশের পর কর্মকর্তা-কর্মচারীদের নতুন স্কেলে বেতন ফিক্সেশন এবং বকেয়া পাওনা সমন্বয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

০%
০%
০%
০%