গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শেষে ফেরার পথে একটি মাইক্রোবাস মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। রংপুর শহর থেকে ছেড়ে আসা গাজীপুরগামী ওই মাইক্রোবাসটি গত মধ্যরাতে পেছন থেকে একটি ভারী ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, লংমার্চের কর্মসূচি শেষ করে মাইক্রোবাসটি ঢাকার উদ্দেশ্যে গাজিপুরের দিকে রওনা হয়েছিল। পথিমধ্যে রাত আনুমানিক ১২টার দিকে গাড়িটি গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ভারী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা যাত্রীদের মধ্যে অন্তত চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজনের সহায়তায় আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করা হয়। আকস্মিক এই সড়ক দুর্ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়।