কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ১৩ বছর বয়সী সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আজ রোববার সাধারণ শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপ্রতিমের এই হত্যাকাণ্ডে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও স্তব্ধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পৈশাচিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে। এছাড়া স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগগুলোর পক্ষ থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এর আগে গত শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি গভীর জঙ্গল থেকে অপ্রতিমের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোর শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের সূত্র ধরে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে শনিবার রাত আটটার দিকে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।