জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্ত সিলেট জামায়াতের আমিরের অভিযোগ

সিলেট জেলা ও মহানগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বর্তমান সরকারের আমলে দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সোমবার বাদ আসর আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অল্প সময়ের ব্যবধানে জনগণের ওপর একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।

সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, গত ১৮ এপ্রিল প্রথম দফায়, ৩১ মে দ্বিতীয় দফায় এবং সর্বশেষ ২০ সেপ্টেম্বর তৃতীয় দফায় জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে এমন মূল্যবৃদ্ধি সরকারের জনস্বার্থবিরোধী নীতির বহিঃপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও উল্লেখ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন এমনিতেই অতিষ্ঠ হয়ে উঠেছে। এর ওপর জ্বালানি তেলের দাম বাড়ার নেতিবাচক প্রভাব পরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে পড়বে, যা সব শ্রেণি-পেশার মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর দুর্ভোগ বহুলাংশে বাড়িয়ে দেবে। জনগণের কল্যাণের কথা চিন্তা না করে রাতের আঁধারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও তিনি অভিযোগ করেন। সমাবেশ শেষে কোর্ট পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।

এতে আরও বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও সিলেট সিটি করপোরেশন মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা শফিকুল আলম মফিক ও রফিকুল ইসলাম মজুমদার প্রমুখ।

০%
০%
০%
০%