শ্রীমঙ্গলে ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার মংলামবস্তি চা বাগান সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম সুশান্ত বিশ্বাস (৩৪)। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন শ্রীমঙ্গল উপজেলার মংলামবস্তি চা বাগান সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নিয়মিত টহল দল তাকে আটক করে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী, সুশান্ত বিশ্বাস গত এক মাস ধরে কোনো ধরনের অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং তার কোনো সন্ধান মিলছিল না। দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে অবৈধ পন্থায় সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

আটককালে তার তল্লাশি চালিয়ে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২,১৮৫ টাকা, তার দুটি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ধরনের ছয়টি পরিচয়পত্র, একটি দাপ্তরিক সিল এবং ব্যক্তিগত ব্যবহার্য বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

০%
০%
০%
০%