ভাঙ্গায় ঢাকা-মাওয়া মহাসড়কে ১২০ বোতল মাদকদ্রব্যসহ নারী ও কিশোরী আটক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল নেশাজাতীয় স্কাফ ও উইনরেক্স সিরাপ জব্দ করেছে র‍্যাব-১০। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কিশোরীসহ তিন নারীকে আটক করা হয়েছে।

বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে এই মাদকের চালান উদ্ধার করে। আটককৃতরা হলেন—আমির হোসেনের স্ত্রী শিউলি বেগম, মৃত আশরাফ হোসেন মিঠুর মেয়ে ডলি বেগম এবং শিউলি বেগমের কিশোরী কন্যা তাহমিনা। তাদের সবার বাড়ি জেলার সদরপুর উপজেলার পিয়াজখালী গ্রামে।

অভিযান শেষে র‍্যাবের পক্ষ থেকে আটককৃতদের ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান সকালে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।

০%
০%
০%
০%