চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক শীর্ষ মাদক কারবারি ও চোরাচালান চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী ফাটাপাড়া গ্রামের আমির আলীর ছেলে এবং তিনি স্থানীয় একটি ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ জানিয়েছে, তিনি জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের একজন। সীমান্তপথ দিয়ে ভারত থেকে হেরোইনসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য দেশে এনে তা অভ্যন্তরে পাচার করার দীর্ঘ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে মাদক পাচার ও মানিলন্ডারিংসহ মোট আটটি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১২ অক্টোবর হেরোইন ও ইয়াবা পাচারের একটি মামলার বিচারকাজ শেষে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জুয়েল রানা ও তার সহযোগী ববিতা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন। তবে রায় ঘোষণার সময়ই জুয়েল রানা পালিয়ে যান এবং আত্মগোপনে চলে যান। পরবর্তীতে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।