ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক কয়েকটি অভিযান পরিচালনা করে ৬৬ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাদলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল এবং খারেরা সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় মালামাল আটক করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে রেডবুল এনার্জি ড্রিংকস, বাসমতি চাল, ফুচকা, অলিভ অয়েল, জনসন বেবি পাউডার, আতশবাজি বাজি, গরু, সিগারেট এবং চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল। উদ্ধারকৃত এসব মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা।
সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড ও চোরাচালান প্রতিরোধে বিজিবির পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি এবং এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।