কুয়াকাটা উপকূলে উত্তাল সাগরে ট্রলারডুবি, ১১ জেলে উদ্ধার ও দুই জন নিখোঁজ

বরগুনার তালতলী উপজেলার বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল ঢেউয়ের আঘাতে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ট্রলারে থাকা এগারোজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও দুইজন জেলে নিখোঁজ রয়েছেন।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার। এর আগে একই দিন সকাল আটটার দিকে পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা সংলগ্ন পঁচিশ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির নাম ‘এফবি জান্নাত-জুনায়েদ’।

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ছয়জন তালতলী উপজেলার বাসিন্দা, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চারজন এবং একজন খুলনা জেলার বাসিন্দা। তবে নিখোঁজ দুই জেলে হলেন— তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া এলাকার মনির হোসেনের ছেলে মো. রাকিব (১৯) এবং নিশানবাড়িয়া ইউনিয়নের পাওয়াপাড়া এলাকার হরমুজ আলী হাওলাদারের ছেলে মো. নবী হোসেন হাওলাদার (৪৫)।

খোঁজ নিয়ে জানা যায়, তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার আল-আমীন ও গোলাম রাব্বির যৌথ মালিকানাধীন ‘এফবি জান্নাত-জুনায়েদ’ ট্রলারটি পটুয়াখালী জেলার মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তেরোজন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। সোমবার সাগরের আবহাওয়া খারাপ ও উত্তাল হয়ে উঠলে জেলেরা ট্রলার নিয়ে উপকূলে ফিরতে শুরু করেন। মঙ্গলবার সকালে ট্রলারটি কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা সংলগ্ন পঁচিশ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে ডুবে যায়। দুর্ঘটনার পর সাগরে ভাসতে থাকা অবস্থায় অন্য একটি মাছ ধরার ট্রলার এগিয়ে এসে এগারোজন জেলেকে জীবিত উদ্ধার করে। পরে তারা নিরাপদে উপকূলে ফেরেন।

উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের মালিক মো. আল-আমিন জানান, প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি হঠাৎ উল্টে যায়। তারা এগারোজন সাঁতরে বের হতে পারলেও ভেতরের কেবিনে দুইজন আটকা পড়েন। পরবর্তীতে সাগরে ভাসতে থাকা অবস্থায় অন্য একটি ট্রলার তাদের দেখতে পেয়ে উদ্ধার করে। তবে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে এবং উদ্ধার হওয়া জেলেদের খোঁজ-খবর রাখা হচ্ছে।

০%
০%
০%
০%