সিলেট নগরের বাংলাদেশ বেতার কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে মো. দেলোয়ার (৪৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বেতার কেন্দ্রের কর্মীরা কমপ্লেক্সের ভেতরে লাশটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
নিহত মো. দেলোয়ার সিলেট নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ঘটনার পর নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, বেতার কমপ্লেক্সের ভেতরে দেয়াল ঘেঁষে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিক অনুসন্ধানে নিহতের নাক ও কানে রক্তের দাগ দেখা গেছে। কীভাবে তার এই মৃত্যু হয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা হবে।
বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক জানান, তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং পুলিশ নিহতের লাশ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া নিহত ওই ব্যক্তি বাংলাদেশ বেতারের কোনো কর্মী নন বলেও নিশ্চিত করেছেন তিনি।