নরসিংদীর শিবপুর উপজেলায় সহপাঠী ও বন্ধুদের সঙ্গে নৌকা বাইচ দেখতে গিয়ে পানিতে ডুবে তানভীর নামের বারো বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী আড়িয়াল খাঁ নদীতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় যশোর বাজার কমিটির উদ্যোগে আড়িয়াল খাঁ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। নিহত তানভীর নরসিংদীর রায়পুরা উপজেলার ফুলদী গ্রামের হক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে আনন্দ-উদ্দীপনা নিয়ে আড়িয়াল খাঁ নদীর তীরে নৌকা বাইচ দেখতে আসে তানভীর। প্রতিযোগিতা উপভোগ করার একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। তাকে সঙ্গে দেখতে না পেয়ে বন্ধুরা ও আশপাশের উপস্থিত দর্শনার্থীরা তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে নদী থেকে উদ্ধার করা হলেও চিকিৎসকের কাছে নেওয়ার আগেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনুর মিয়া।