নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ১১ জন

নড়াইলের নড়াগাতী থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সকালে উপজেলার কলাবাড়িয়া চরকান্দিপাড়া এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় নিজেদের আধিপত্য বজায় রাখতে কলাবাড়িয়ার সোহেল মেম্বার পক্ষ এবং আবেদ আলী শেখ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে উভয় পক্ষের সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটলে উভয় পক্ষের ১১ জন গুলিবিদ্ধ হন।

আহতদের দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে মাথায় গুলিবিদ্ধ হওয়া গুরুতর আহত রাসেল শেখকে অধিকতর চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে প্রথমে হামলা ও গুলিবর্ষণের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলী জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের সময় গুলিতে ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

০%
০%
০%
০%