রূপসায় ৩২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গুলিতে আহত যুবকের মৃত্যু ও দাফনে পুলিশের বাধা

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে দীর্ঘ ৩২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মামুন মীর (৩৫) নামের এক যুবক মারা গেছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। নিহত মামুন মীর রূপসা উপজেলার বাগমারা এলাকার নেয়ামত মীরের বড় ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাত পৌনে ১০টার দিকে উপজেলার নৈহাটী ইউনিয়নের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন মামুন। এ সময় তার মাথা ও চোখে গুলি লাগে। ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দীর্ঘদিন চিকিৎসা শেষে ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসেন এবং এর প্রায় এক ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রূপসা এলাকায় মসজিদ এ আকাসায় জানাজা শেষে মামুনের লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ জানান, গত ১৮ আগস্ট রাতে দুর্বৃত্তদের গুলিতে মামুন গুরুতর আহত হওয়ার পর তাকে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়। ২১ সেপ্টেম্বর রাতে বাড়িতে নিয়ে আসার পর তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্ত না করে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করা হলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। কে বা কারা তাকে গুলি করেছে, তা এখনো স্পষ্ট নয় এবং এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০%
০%
০%
০%