যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে পৃথক সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকগুলোতে বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন তারা।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর অংশ হিসেবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত ঐতিহ্যবাহী স্বাগত প্রাতরাশে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন গত ৮ সেপ্টেম্বর শুরু হলেও এই দিন থেকে এর মূল সাধারণ বিতর্ক শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের ঊর্ধ্বতন সদস্যরাও উপস্থিত ছিলেন।