ফেনী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদকে একমাত্র আসামি করে আদালতে দায়ের করা দুটি মামলার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। মঙ্গলবার জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার স্বাক্ষরিত এক আদেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবীকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী ও কপিল উদ্দিন মামুন।
এর আগে গত রোববার চাঁদার দাবিতে সড়কের কাজ বন্ধ ও বাধা দেওয়ার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকরা কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে আদালতে দুটি মামলা করেন। শুনানি শেষে বিচারক মামলা দুটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আদালতের নির্দেশে চাঁদাবাজি ও সড়ক সংস্কারকাজে বাধা দেওয়ার অভিযোগে ঠিকাদারদের করা অভিযোগ থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগী ঠিকাদারদের অভিযোগ, টেন্ডারের নির্ধারিত মূল্যের পাঁচ থেকে সাত শতাংশ হারে চাঁদা দাবি করতেন মাসুদ।
এদিকে চাঁদাবাজি ও সড়ক সংস্কারকাজ বন্ধের এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঠিকাদার ও মামলার বাদী জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তদন্ত কমিটি নিয়ে বিস্ময় প্রকাশ করে অভিযুক্ত মাসুদের বিরুদ্ধে সরাসরি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের প্রতি আহ্বান জানান। অন্যদিকে তদন্ত কমিটির সদস্য অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী জানিয়েছেন, কমিটি গঠনসংক্রান্ত এখনো কোনো চিঠি তিনি পাননি। চিঠি হাতে পেলে দলের দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন বলে জানান তিনি। এই ঘটনায় স্থানীয় ঠিকাদার ও ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ বিচার দাবি করেছেন।