ভোলার তজুমদ্দিন উপজেলায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম মো. নাঈম। তিনি উপজেলার শম্ভুপুর ইউনিয়ন উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সোমবার তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন এবং সদস্যসচিব শরীফ হাওলাদার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মো. নাঈমকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে যেকোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে নাঈম লিখেছিলেন, আল্লাহ বাঁচাইছে কিছুদিনের ভিতরে প্ল্যান ছিল নিজের সব থেকে পছন্দের বাইকটা নিব। কিন্তু তেলের দাম শুনে এখন আর ইচ্ছা করতেছে না। এই পোস্টটি ছড়িয়ে পড়ার পরই মূলত এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মো. নাঈম দাবি করেছেন, কোনো ধরনের আনুষ্ঠানিক নোটিশ বা কারণ দর্শানোর নোটিশ না দিয়েই তাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ছাত্রদলের নির্দিষ্ট গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা শাখা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদককে বহিষ্কারের এখতিয়ার রাখে কি না—এমন প্রশ্নের জবাবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন জানান, তাদের স্বাক্ষরেই ওই ইউনিয়ন কমিটি গঠিত হয়েছিল, তাই নিয়ম অনুযায়ী তারা এই ব্যবস্থা নিতে পারেন। এছাড়া জেলা কমিটির মৌখিক অনুমতিক্রমে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।