বিতর্কিত গোল উদযাপনে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ইসরায়েলি ফরোয়ার্ড আবু ফারচি

উয়েফা নেশনস লিগে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে গোল উদযাপনের চরম খেসারত দিতে হলো ইসরায়েলি ফরোয়ার্ড সায়েদ আবু ফার্শিকে। গোল করার পর বিতর্কিত অঙ্গভঙ্গির দায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই তরুণ ফুটবলারকে। শেষ পর্যন্ত অস্ট্রিয়া ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

লিনৎসের রাইফাইসেন অ্যারেনায় প্রথমার্ধে রোমানো শ্মিডের পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল অস্ট্রিয়া। তবে দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে হেডের মাধ্যমে গোল করে ইসরায়েলকে সমতায় ফেরান ২০ বছর বয়সী ফার্শি। গোল করার পরপরই তিনি কর্নার ফ্ল্যাগ খুলে নিয়ে হাঁটু গেড়ে বসে বন্দুক তাক করার মতো ভঙ্গি করেন। রেফারি তাৎক্ষণিকভাবে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান, যার ফলে মাঠ ছাড়তে হয় তাকে। প্রথম হলুদ কার্ড পাওয়ার মাত্র ৪ মিনিট পরেই এই ঘটনা ঘটে।

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের ১২ নম্বর নিয়ম অনুযায়ী, গোল উদযাপন আনন্দদায়ক হতে পারে, কিন্তু তা কোনোভাবেই উসকানিমূলক বা প্ররোচনামূলক হওয়া চলবে না। ফার্শির এই আচরণকে নিয়মবহির্ভূত এবং উসকানিমূলক হিসেবে গণ্য করেছেন ম্যাচ রেফারি।

ম্যাচের শেষ দিকে অস্ট্রিয়া তাদের আধিপত্য বজায় রাখে। ৯০তম মিনিটে পল ভ্যানারের ক্রস থেকে ফিলিপ এমওয়েনে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ইনজুরি টাইমে সাশা কালাজজিচ আরও একটি গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় অস্ট্রিয়ার।

উল্লেখ্য, এই ম্যাচ চলাকালীন গ্যালারিতে দর্শকদের একাংশকে ফিলিস্তিনের সমর্থনে ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। নেশনস লিগের এই আসর ঘিরে বিভিন্ন দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর পক্ষ থেকে ইসরায়েলের বিপক্ষে খেলার বিষয়ে আপত্তি তোলা হলেও উয়েফা তা নাকচ করে দিয়েছে। আগামী রবিবার হাঙ্গেরির মাঠে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইসরায়েল।

০%
০%
০%
০%