দেশের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বিরুদ্ধে দেশ ও প্রবাস থেকে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজপথ থেকেই এই অপশক্তিকে কঠোর হাতে মোকাবিলা করা হবে। ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে যারা পালিয়ে গেছেন, তারা ওপারে বসে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের মতো নৈরাজ্যজনক কর্মকাণ্ড পরিচালনা করছেন। বর্তমান বিরোধী দলের অপকর্ম ও বক্তব্যের সঙ্গে এই পলাতক শক্তির স্পষ্ট মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের রাজনৈতিক সংস্কৃতির কঠোর সমালোচনা করে পানিসম্পদ মন্ত্রী বলেন, যারা গালিগালাজকে গণতন্ত্রের সৌন্দর্য বলে দাবি করেন, এ দেশের মানুষ তাদেরকে অতীতেও গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। মূলত তারা গণতন্ত্র রক্ষার নামে তা ধ্বংস করার নতুন চক্রান্তে লিপ্ত হয়েছেন। এমনকি ১১ দফা দাবি মানা না হলে দেশে বোমাবাজি ও ককটেল হামলা বন্ধ হবে না—এমন হুমকির মাধ্যমে তারা নিজেদের প্রকৃত রূপ প্রকাশ করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, সরকার গঠনের প্রথম দিন থেকেই বিরোধী দল নানা উপায়ে শান্তিতে থাকতে না দেওয়ার চক্রান্ত করে আসছে। তারা সংসদ বা জনসমক্ষে এক ধরনের মার্জিত ও সুন্দর কথা বললেও বাইরে গিয়ে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও অসভ্য ভাষায় আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গড়া রাজনৈতিক দল হিসেবে বিএনপি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে আজকের অবস্থানে এসেছে উল্লেখ করে তিনি বলেন, অতীতে রাজপথেই সব ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে, আগামী দিনেও যেকোনো অপতৎপরতা রাজপথেই রুখে দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি এবং সদর পূর্ব উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।