পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জে রাজপথে নেমে এসেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরজুড়ে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের আলফাত স্কয়ারে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহাদ জুয়েল।
সমাবেশের সভাপতির বক্তব্যে আমিনুর রশিদ আমিন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিবাদের দোসররা অতীতে হাজার হাজার ছাত্র-জনতা ও নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। এখনো তারা সুদূরপ্রসারী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নতুন করে রক্তের রাজত্ব কায়েম করার অশুভ খেলায় মেতে উঠেছে। তবে দেশের আপামর জনসাধারণের অধিকার হরণ এবং অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার যেকোনো ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ফ্যাসিবাদী শক্তির দোসরদের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, বিগত দীর্ঘ ১৭ বছর ধরে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে দেশে এক নৈরাজ্যিক পরিবেশ বজায় রাখা হয়েছিল। অজস্র তাজা প্রাণ ও ঐতিহাসিক ত্যাগের বিনিময়ে অর্জিত আজকের এই মুক্ত পরিবেশ ও গণতান্ত্রিক অধিকার কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া হবে না। দেশবাসীর শান্তি ও স্বস্তি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা শক্তহাতে রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি সর্বদা প্রস্তুত রয়েছে।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জুলফিকার আলম, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশাররফ হোসেনসহ তিন সংগঠনের বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।