চোখের ইনজুরির কারণে ইউএফসি হেভিওয়েট শিরোপা ছাড়লেন টম অ্যাস্পিনাল

মিশ্র মার্শাল আর্টসের দুনিয়ায় বড় ধরনের ধাক্কা। চোখের গুরুতর চোটের কারণে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) হেভিওয়েট চ্যাম্পিয়নের পদ থেকে সরে দাঁড়ালেন ব্রিটিশ তারকা টম অ্যাসপিনাল। গত বছর সিরিল গেনের বিপক্ষে লড়াইয়ের সময় পাওয়া চোখের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে ৩৩ বছর বয়সী এই যোদ্ধাকে।

সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় অ্যাসপিনাল জানান, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং অনুশীলনে ফিরেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ডান চোখে নতুন করে আঘাত পাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আরও দীর্ঘ সময় খেলার বাইরে থাকতে হবে, যার ফলে কবে নাগাদ তিনি অক্টাগনে ফিরতে পারবেন তা এখন অনিশ্চিত।

গত বছরের অক্টোবরে আবুধাবিতে সিরিল গেনের বিপক্ষে শিরোপা রক্ষার লড়াইয়ে চোখের গুরুতর ইনজুরিতে পড়েন অ্যাসপিনাল। সেই ম্যাচটি প্রথম রাউন্ডেই কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। এরপর থেকে একাধিকবার অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। হেভিওয়েট বিভাগের কার্যক্রম যেন থমকে না থাকে, সেই দায়িত্ববোধ থেকেই তিনি নিজের বেল্টটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অ্যাসপিনালের এই ত্যাগের ফলে এখন পথ প্রশস্ত হলো সিরিল গেনের জন্য। গত জুনে অ্যালেক্স পেরেইরাকে হারিয়ে অন্তর্বর্তীকালীন হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়া গেন এখন অবিসংবাদিত চ্যাম্পিয়ন হিসেবে উন্নীত হতে যাচ্ছেন।

তবে ভক্তদের আশ্বস্ত করে অ্যাসপিনাল স্পষ্ট করেছেন যে, এটি তার ক্যারিয়ারের সমাপ্তি নয়। তিনি বলেন, শিরোপা ছেড়ে দেওয়া মানে খেলা বা স্বপ্ন থেকে সরে আসা নয়। সুস্থ হয়ে দ্রুততম সময়ের মধ্যে লড়াইয়ের ময়দানে ফেরার জন্য তিনি সব ধরনের চেষ্টা চালিয়ে যাবেন।

০%
০%
০%
০%