চবি ভিপিকে পেটানোর হুমকির জেরে ছাত্রদল নেতা শোকজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের সংসদের সহ-সভাপতি (ভিপি) রিপুল চাকমাকে হল থেকে পিটিয়ে বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাছিম উদ্দিনের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় হলের ৩১৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে এবং পরবর্তীতে এর একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত ছাত্রদল নেতা নাছিম উদ্দিনকে কেন্দ্রীয় সংসদ থেকে শোকজ করা হয়েছে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় ওই হলের ৩১৩ নম্বর কক্ষে অবৈধভাবে শিক্ষার্থী থাকার অভিযোগ পেয়ে হলের সিনিয়র আবাসিক শিক্ষক ড. মো. নূরে আলম এবং হল সংসদের ভিপি রিপুল চাকমাসহ কয়েকজন সদস্য সেখানে যান। অভিযুক্ত ছাত্রদল নেতা নাছিম উদ্দিন ওই কক্ষে অবস্থান করতেন। তবে সেখানে অবৈধভাবে থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়টিকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে রিপুল চাকমাকে হুমকি দেন ওই ছাত্রদল নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে নাছিম উদ্দিনকে বলতে শোনা যায়, তোর পাওয়ার গুনে গুনে আর ২৮ দিন আছে, ২৮ দিন পরে তোরে হল থেকে পিটাইয়া বের করব, আমি নাসিম যদি এই হলে থাকি।

ঘটনার বিষয়ে ছাত্রদল নেতা নাছিম উদ্দিন দাবি করেন, রিপুল চাকমা তাকে এবং তার মাকে নিয়ে বাজে ভাষায় কথা বলেছেন এবং এর একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে ওই কথা বলেছেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম জানান, একটি অভিযোগের প্রেক্ষিতে হলের একটি কক্ষে অভিযান চালানো হলেও সেখানে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। এই বিষয়টিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মাঝে অনাকাঙ্ক্ষিত কিছু কথাবার্তা হয়েছে। এ ঘটনায় প্রক্টর অফিসে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি, তবে উপাচার্য বরাবর ওই শিক্ষার্থী অভিযোগ দিয়েছেন বলে তিনি শুনেছেন।

০%
০%
০%
০%