কেরানীগঞ্জে চাঁদার দাবিতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে দিনে-দুপুরে ফারহাদ হোসেন (২৫) নামের এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আরশীনগর এলাকার একটি সেলুনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফারহাদ ভোলা জেলার দুলারহাট উপজেলার নূরাবাদ গ্রামের ফারুক হোসেনের ছেলে এবং তিনি পরিবার নিয়ে কেরানীগঞ্জের আরশীনগরের মেম্বার গলি এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন দুপুরে বাসার কাছের ‘রাজ সেলুনে’ চুল কাটাতে যান ফারহাদ। এ সময় ‘অ্যালেক্স গ্রুপ’ নামে পরিচিত একটি স্থানীয় কিশোর গ্যাংয়ের ১০ থেকে ১৫ জন সদস্য সেলুনে ঢুকে তার ওপর হামলা চালায়। সাব্বির ও আরমানের নেতৃত্বে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহতের বন্ধু আরিফ ও পরিবারের সদস্যদের দাবি, কেরানীগঞ্জের মোহাম্মদপুর মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন ফারহাদ। দীর্ঘদিন ধরে স্থানীয় ‘অ্যালেক্স গ্রুপ’-এর আরমান, সোহেল, কাল্লু ও সাব্বিরসহ একটি দল তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। পাশাপাশি প্রতিদিনের জন্য পৃথক চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হতো। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো এবং ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশি তদন্তের পরই নিশ্চিত তথ্য পাওয়া যাবে।

০%
০%
০%
০%