পাবনার আটঘরিয়ায় আবহাওয়া ও সার সংকটে আগাম শিম চাষ নিয়ে কৃষকের শঙ্কা

পাবনার আটঘরিয়া উপজেলায় আগাম জাতের শিম চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিলেও বৈরী আবহাওয়া ও তীব্র সার সংকটের কারণে চরম লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা। শীতের আগেই বাজারে নতুন সবজি তুলে চড়া দাম পাওয়ার আশায় উপজেলার মাঠের পর মাঠ এখন শিমের সবুজ লতা-পাতা, ফুল আর কচি শিমেই ছেয়ে গেছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে আটঘরিয়া উপজেলায় সাতশ হেক্টরেরও বেশি জমিতে আগাম জাতের শিমের আবাদ করা হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার ছয়শ টন। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি শিম ১৫০ টাকা থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত সার এবং সময়মতো কৃষি পরামর্শ নিশ্চিত করা গেলে শিমের উৎপাদন যেমন বাড়ত, তেমনি কৃষকের মুখেও হাসি ফুটত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাঁদভা ইউনিয়নের বয়ড়া গ্রামের কৃষক ফরিদ জানান, চাষাবাদের শুরু থেকেই তাদের সার সংকটসহ নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। স্থানীয় বাজারে সময়মতো প্রয়োজনীয় সার না পাওয়ায় এ বছর ফসলের উৎপাদন খরচও অনেক বেড়ে গেছে।

একই এলাকার কৃষক আব্দুল মজিদ, হেলাল উদ্দিন ও তোরাব আলীসহ একাধিক চাষি অভিযোগ করেন, একদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে ফলন ও উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে সার সংকট তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া, কৃষি অফিস থেকেও তারা কাঙ্ক্ষিত সহযোগিতা ও পরামর্শ পাচ্ছেন না বলে অভিযোগ করেন।

কৃষকদের এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না দাবি করেন, মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে আগাম জাতের শিমে ভালো ফলন পেতে রোগবালাই নিয়ন্ত্রণ এবং সঠিক সময়ে সার ব্যবহারের বিষয়ে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

০%
০%
০%
০%