আগামী ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেল নিয়ে কোনো শঙ্কা নেই: বিপিসি চেয়ারম্যান

চট্টগ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম জানিয়েছেন, বৈশ্বিক কারণে জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হলেও আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এর কোনো প্রভাব দেশে পড়বে না। এই সময়ের মধ্যে জ্বালানির যে চাহিদা রয়েছে, তার সম্পূর্ণ জোগান ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। তাই এ নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও উল্লেখ করেন, আগামী ডিসেম্বর মাস নাগাদ ভবিষ্যতের চাহিদা মেটানোর একটি সুনির্দিষ্ট রূপরেখাও সরকার নির্ধারণ করবে। ফলে জ্বালানি খাতে নতুন করে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখছেন না তিনি। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এসব কথা বলেন বিপিসি চেয়ারম্যান।

সভায় জ্বালানি তেল আমদানি ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার নীতিমালা তৈরির বিষয়েও কথা বলেন তিনি। ড. রফিকুল ইসলাম জানান, কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের আবেদনের যৌক্তিকতা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর জন্য অনেক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। সব ক্ষেত্রের লাভ-ক্ষতির দিকগুলো বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবে বিপিসি, যার ওপর ভিত্তি করে পরবর্তীতে সরকারের নীতিনির্ধারণী মহল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, ইআরএল টু প্রকল্প বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক। এছাড়া ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনে তেল সরবরাহ পুরোদমে শুরু করা এবং এসপিএম প্রকল্পটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাইপলাইনে তেল পরিবহন ও এসপিএম অপারেশনে চলে আসলে দেশের জ্বালানি খাতের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জ্বালানি খাতের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিপিসি।

মতবিনিময় সভাটিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীন তেল উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রধানগণসহ সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০%
০%
০%
০%