কিশোরগঞ্জে চরম সংকটে পড়া ক্ষুদ্র বেকারি শিল্প রক্ষা এবং তা টিকিয়ে রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বেকারি মালিকেরা। মঙ্গলবার দুপুরে শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন বিজয় চত্বরে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের অগ্নিমূল্য এবং উৎপাদন ব্যয় মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাওয়ায় জেলার শতাধিক ক্ষুদ্র বেকারি প্রতিষ্ঠান আজ গভীর সংকটে পড়েছে। বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেক ক্ষুদ্র কারখানা এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর ফলে এসব কারখানায় কর্মরত কয়েক হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়ার তীব্র আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন।
এই সংকট উত্তরণের লক্ষ্যে বেকারি মালিকরা প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে কাঁচামালের বাজারমূল্য নিয়ন্ত্রণ করা, গ্যাস ও বিদ্যুতের বিল শিল্পহারে নির্ধারণ করা, সহজ শর্তে স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদান করা এবং বিএসটিআইয়ের লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহজিকরণসহ সব ধরনের প্রশাসনিক হয়রানি বন্ধ করা।
মানববন্ধন শেষে বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের এই পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করেন।
উক্ত মানববন্ধনে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি ডা. সাব্বির আহমেদ, সহসভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. বাবুল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।