রায়গঞ্জে এক রাতে দুই বাড়িতে গোয়ালঘর ভেঙে ছয় গরু চুরি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একই রাতে দুটি বাড়ির গোয়ালঘর ভেঙে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। এই আকস্মিক চুরির ঘটনায় স্থানীয় কৃষক ও এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল বাগিচা গোয়ালপাড়া ও আদিত্য বাড়িয়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামতৈল বাগিচা গোয়ালপাড়া এলাকায় নাকাটি বাজারের পাশে শরিফুল ইসলামের গোয়ালঘরের তালা ভেঙে একটি গাভী ও দুটি বকনা গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র। চুরি হওয়া এই গরুগুলোর আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা। ভুক্তভোগী শরিফুল ইসলাম জানান, রাতে গোয়ালঘর থেকে গরুগুলো বের করে নেওয়ার শব্দ পেয়ে তিনি টের পান। কিন্তু তার ঘরের দরজা বাইরে থেকে শেকল দিয়ে আটকানো থাকায় তিনি তাৎক্ষণিকভাবে বের হতে পারেননি। পরে কোনোভাবে বাইরে এসে তিনি দেখতে পান, চোরেরা একটি গাড়িতে গরুগুলো তুলছে। এ সময় তার চিৎকারে চোরেরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে, একই রাতে পাশের আদিত্য বাড়িয়া গ্রামের তরিফুল ইসলামের গোয়ালঘর থেকেও একটি ষাঁড়, একটি বকনা ও একটি গাভী চুরি হয়। এই গরুগুলোর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। সকালে ঘুম থেকে উঠে বিষয়টি জানতে পেরে তিনি আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন, তবে কোথাও গরুগুলোর কোনো সন্ধান পাননি।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের চুরির পুনরাবৃত্তি রোধে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

০%
০%
০%
০%