আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মাইনুল হাসান সাদিক এবং সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্বাচনগুলো শুরু করতে কমিশনকে সার্বিক সহযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে স্পষ্ট বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের কোনো ধরনের কলঙ্ক বর্তমান সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের ঘাড়ে নেবেন না। আগামী দিনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দলনিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সেজন্য নির্বাচন প্রশাসন ও কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
নির্বাচনকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি আরও যোগ করেন, নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে যদি প্রয়োজন হয়, তবে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েন করা হবে। জনগণের প্রত্যক্ষ ভোটে যেন নাগরিকরা তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বিঘ্নে নির্বাচিত করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহায়তা করবে।
মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত একটি দাপ্তরিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।