ফেনীর উদ্দেশে সড়কপথে রওনা হয়ে নির্ধারিত সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ৫৮ মিনিটের দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁর মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা অতিক্রম করেছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের গাড়িবহর। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম ফেনী সফর হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এর আগে একই দিন সকাল ৮টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। তাঁর এই সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা অতিক্রম করার সময় সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্থানীয় নেতাকর্মীরা হাত নেড়ে ও নানা স্লোগানের মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় গাড়িবহরের চারপাশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী ফেন জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন। পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের শুভ উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
সফরের শেষ পর্যায়ে ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করবেন। এছাড়া একই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য খাদিমানদের সম্মানী প্রদান করার কথা রয়েছে তাঁর। দিনব্যাপী নির্ধারিত এসব কর্মসূচি সফলভাবে শেষ করে আজই তাঁর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।