সিরাজগঞ্জ জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের একটি বড় অংশই গাজীপুরের কোনাবাড়ী ও ঢাকার আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন সিরাজঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন।
সিভিল সার্জন জানান, কর্মস্থলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর এই শ্রমিকরা সিরাজগঞ্জে নিজেদের গ্রামের বাড়িতে ফিরে আসছেন এবং শারীরিক অবস্থার অবনতি ঘটলে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। জেলার বিভিন্ন উপজেলার মধ্যে কাজীপুর উপজেলায় ডেঙ্গু রোগীর প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুর লক্ষণ নিয়ে নতুন করে ৫৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালের পাশাপাশি ১০ জন রোগী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮২০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৬৯৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৬ জন ডেঙ্গু রোগী।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে সিভিল সার্জন জানান, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে মশার লার্ভা ধ্বংস করতে নিয়মিত লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হচ্ছে। এছাড়া সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে স্বাস্থ্য বিষয়ক দিকনির্দেশনা প্রদান এবং লিফলেট বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পরিস্থিতি সার্বিক পর্যবেক্ষণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে বলেও জানান তিনি।