স্বৈরাচার ও গুপ্ত বাহিনী এক হয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার ও গুপ্ত বাহিনী পুনরায় একত্রিত হয়ে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, গত ১৯৯১ সাল, ১৯৮৬ সাল এবং বিগত নির্বাচনগুলোতেও এই শক্তিগুলো গোপনে একযোগে কাজ করেছে। অথচ গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যখন জেল-জুলুম, হত্যা ও গায়েবি মামলার শিকার হয়ে রাজপথে আন্দোলন চালিয়ে গেছেন, তখন এই গুপ্ত শক্তির কাউকে মাঠে দেখা যায়নি।

জনসভায় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতার মতো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানা সংখ্যা ৫০ থেকে ১৫০টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন রাখেন, যারা এক দফা কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিংবা অতীতে মানুষের বাকস্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের রাজনৈতিক এজেন্ডায় সাধারণ মানুষের কল্যাণে এমন কোনো বাস্তবমুখী কর্মসূচি নেই।

ধর্মীয় অনুভূতি নিয়ে প্রতারণার তীব্র সমালোচনা করে সরকারপ্রধান বলেন, নির্বাচনের আগে একটি দল সাধারণ মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করার মতো ধৃষ্টতা দেখিয়েছে, যা স্পষ্টতই শিরিক । আল্লাহ তায়ালার একচ্ছত্র ক্ষমতার বিষয়ে মিথ্যা আশ্বাস দিয়ে যারা মানুষের সঙ্গে মুনাফিকি করে, তাদের বিষয়ে দেশবাসীকে অত্যন্ত সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপি যা বলে, তা সবসময় কাজের মাধ্যমেই প্রমাণ করে দেখায়।

এর আগে ফেনী সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জনসভার শুরুতে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করেন এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত সম্মানিত ব্যক্তিদের হাতে সম্মানী ভাতা তুলে দেন। পরবর্তীতে সভা শেষে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।

০%
০%
০%
০%