চাঁদপুরে মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন, ৬ মাসের জেল ও কার্ড বাতিলের হুশিয়ারি

ইলিশ সম্পদ রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোনো অসাধু জেলে মা ইলিশ শিকার করলে তাকে কমপক্ষে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে এবং তাৎক্ষণিকভাবে তার জেলে কার্ড বাতিল করা হবে।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য দপ্তর আয়োজিত মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন-সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান। সভায় মা ইলিশের অবাধ চলাচল ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীর সংলগ্ন খালের মুখ বন্ধ করা এবং অভয়াশ্রম এলাকায় পাঁচটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকাকে কেন্দ্র করে বিশেষ নজরদারি চালানো হবে। এই অভয়াশ্রমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্টগার্ড সমন্বিতভাবে মাঠে কাজ করবে।

জেলেদের পুনর্বাসন ও সহযোগিতার বিষয়ে জেলা প্রশাসক বলেন, যেসব জেলে নিষেধাজ্ঞার সময় নদীতে নামবেন না এবং মা ইলিশ শিকারে বিরত থাকবেন, তাদের প্রত্যেককে ভিজিএফের আওতায় ২৫ কেজি করে খাদ্যসহায়তা দেওয়া হবে। চাঁদপুর জেলায় এই সহায়তার সুফল পাবেন মোট ৪১ হাজার ৩৯০ জন নিবন্ধিত জেলে। এ ছাড়া নিষেধাজ্ঞার এই দুর্যোগকালীন সময়ে জেলেরা যাতে কোনো ধরনের ঋণের কিস্তি পরিশোধের অদৃশ্য চাপে না পড়েন, সে বিষয়েও প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন প্রয়োগের ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, বাস্তব পরিস্থিতি বিবেচনা করে কঠোর পদক্ষেপ নিতে হবে। ‘ইলিশের বাড়ি’ হিসেবে খ্যাত চাঁদপুরের সুপ্রাচীন ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে হলে যেকোনো মূল্যে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে হবে। মেঘনা উপকূলীয় এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সবাইকে এই জাতীয় স্বার্থসংশ্লিষ্ট নিষেধাজ্ঞা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলামের পরিচালনায় সভায় অভয়াশ্রম এলাকায় মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণের কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরে একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর এবং কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার মুহতাছিন ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও মৎস্য বিভাগের প্রতিনিধিরা।

০%
০%
০%
০%