বিএনপির হয়ে কথা বলায় রুমিন ফারহানার কৃতিত্ব দেখছেন না নাদিয়া পাঠান পাপন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বেকিনগর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কড়া প্রতিক্রিয়া জানান।

রুমিন ফারহানার রাজনৈতিক অতীত ও দলীয় অবদান নিয়ে প্রশ্ন তুলে নাদিয়া পাঠান পাপন বলেন, এতদিন তিনি বিএনপির পক্ষে যে জোরালো বক্তব্য রেখেছেন, তার মূল কারণ দলটি অতীতে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছিল এবং তাদের ওপর নানামুখী প্রোপাগান্ডা চালানো হয়েছিল। বিএনপির একটি নির্দিষ্ট দলীয় টিম তার জন্য বক্তব্য লিখে দিতো আর তিনি কেবল তা জনসমক্ষে পাঠ করতেন বলে মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে এই নারী সংসদ সদস্য আরও বলেন, রাজনীতিতে দলের প্রতি অবিচল আনুগত্য থাকা সবচেয়ে বেশি জরুরি। দল তাকে অতীতে সংসদ সদস্য বানিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, দল কেন তাকে এবার মনোনয়ন দেয়নি, সেটি সম্পূর্ণ দলীয় হাইকমান্ডের কৌশলগত সিদ্ধান্ত। অনেককেই দল মনোনয়ন দেয়নি, তাই বলে তো তারা প্রকাশ্য বিরোধিতা করেননি। রাজনীতি করতে হলে আদর্শের প্রতি এবং জনগণের সঙ্গে অঙ্গীকারের জায়গায় শতভাগ অবিচল থাকতে হবে।

রুমিন ফারহানাকে সতর্ক করে নাদিয়া পাঠান পাপন স্পষ্ট ভাষায় বলেন, ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করার কোনো মানসিকতা তাদের নেই। তবে রাজনৈতিক শিষ্টাচার ও সহ্যসীমার একটা শেষ প্রান্ত রয়েছে, যা অতিক্রম করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। এ ধরনের বক্তব্য অব্যাহত না রাখার আহ্বান জানিয়ে তিনি সবাইকে সহনশীল ও দলীয় শৃঙ্খলার মধ্যে থাকার তাগিদ দেন।

চান্দুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফজাল হোসেন আলমগীরের সভাপতিত্বে আয়োজিত ওই বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০%
০%
০%
০%