সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও দেখে তিন মাস পর নিখোঁজ স্ত্রীর সন্ধান পেলেন স্বামী

মানিকগঞ্জের সাটুরিয়া থেকে দীর্ঘ তিন মাস আগে নিখোঁজ হওয়া মানসিকভাবে অসুস্থ এক নারীকে সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় সিংগাইর উপজেলা থেকে খুঁজে পেয়েছেন তার স্বামী। সোমবার (২৮ সেপ্টেম্বর) সিংগাইরের গোবিন্দল এলাকা থেকে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে সাটুরিয়া উপজেলার নিজ বাড়ি থেকে মানসিকভাবে ভারসাম্যহীন ওই নারী নিখোঁজ হন। প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে হিতাাহিত জ্ঞান হারিয়ে ফেলেন তার স্বামী। আত্মীয়স্বজনের বাড়ি, রেলস্টেশন, বাস টার্মিনাল ও মাজারসহ সম্ভাব্য সকল স্থানে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। কোথাও কোনো খোঁজ না পেয়ে একপর্যায়ে চরম হতাশা ও মানসিক কান্নায় ভেঙে পড়েন তিনি।

এদিকে নিখোঁজ ওই নারী নিজের নাম ও ঠিকানা সঠিকভাবে বলতে না পারায় ভবঘুরে হিসেবে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। সম্প্রতি তাকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের রাস্তার পাশে অত্যন্ত অসহায় ও শোচনীয় অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। মানুষের কাছে খাবার চেয়ে খাওয়া এবং খোলা আকাশের নিচে দিন কাটানোই ছিল তার নিত্যদিনের রুটিন।

ঠিক সেই সময়ে বিষয়টি স্থানীয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর রবিউল হকের নজরে আসে। ‘ভয়েস অব রবিউল ভাই’ নামক সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে তিনি ওই নারীর অসহায় অবস্থার একটি ভিডিও ধারণ করে প্রকাশ করেন। ভিডিওটিতে তার পরিচয় শনাক্ত করতে এবং তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওটি একপর্যায়ে নিখোঁজ নারীর স্বামীর চোখে পড়ে। ভিডিওর মাধ্যমে স্ত্রীকে চিনতে পেরে বিন্দুমাত্র সময় নষ্ট না করে ২৮ সেপ্টেম্বর সিংগাইরের গোবিন্দল এলাকায় ছুটে যান তিনি। সেখানে দীর্ঘ তিন মাস পর প্রিয় জীবনসঙ্গীকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়ার পর দুজনের চোখেই নেমে আসে আনন্দের অশ্রু। দীর্ঘদিন পর স্বামীকে দেখতে পেয়ে ওই নারীও তাকে চিনতে পারেন এবং দুজন একে অপরকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। এই হৃদয়বিদারক অথচ আনন্দঘন দৃশ্যের সাক্ষী হন সে সময় উপস্থিত স্থানীয় এলাকাবাসীও।

প্রিয় মানুষকে বুকে ফিরে পেয়ে স্বামী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। দীর্ঘ তিন মাসের অনিশ্চয়তা ও উদ্বেগ কাটিয়ে পরিবারে ফিরে এসেছে স্বস্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পুনর্মিলনের ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যায় এবং মানবিক এই উদ্যোগের জন্য কনটেন্ট ক্রিয়েটর রবিউল হকের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানান সকলে।

০%
০%
০%
০%